ইডেনে একসঙ্গে বাজবে ৩০০০ ঢাক! মহালয়ায় বিশ্বরেকর্ডের পথে বাংলা, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20265:45 pm
কলকাতা: রাজ্যে সরকার বদলের পর এবার দুর্গাপুজো উদযাপনেও আসতে চলেছে এক বিশাল পরিবর্তন। প্রতি বছর পুজোর শেষে কার্নিভালের আয়োজন করা হলেও, এবার দেবীপক্ষের সূচনাতেই অর্থাৎ মহালয়ার দিন এক অভূতপূর্ব ও জাঁকজমকপূর্ণ উৎসবের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা।
আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। সূত্রের খবর, এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল থেকে রাতের চোখধাঁধানো সূচি:
- সকালের সূচনা: মহালয়ার ভোরে গঙ্গার পাঁচটি প্রধান ঘাট থেকে সম্প্রচারিত হবে ‘মহিষাসুরমর্দিনী’। গঙ্গার ঘাটগুলিকে সাজিয়ে তোলা হবে বর্ণিল আলোয়।
- রেড রোডে রোড শো: বেলার দিকে রেড রোডে এক বিশেষ রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।
- ইডেনে সাংস্কৃতিক সন্ধ্যা: বিকেল ৫টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে ইডেন গার্ডেন্সে। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
- উমা বরণ ও চক্ষুদান: অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নিজে দেবী উমার বরণ করবেন এবং প্রতিমার চক্ষুদান করবেন বলে জানা যাচ্ছে।
- ৩ডি ম্যাপিং ও পুজো উদ্বোধন: সন্ধ্যা সাড়ে ৭টার পর থাকছে ১০ মিনিটের একটি আকর্ষণীয় ৩ডি ম্যাপিং শো। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শহর কলকাতার ৫টি বিখ্যাত পুজো— সুরুচি সঙ্গ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চেতলা অগ্রণী, সন্তোষ মিত্র স্কোয়ার এবং ত্রিধারা সম্মিলনী-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
- ড্রোন শো ও আতশবাজি: রাত সাড়ে ৮টার পর ইডেনের আকাশে দেখতে পাওয়া যাবে ড্রোন প্রদর্শনী এবং নজরকাড়া আতশবাজির রোশনাই।
একসঙ্গে বাজবে ৩০০০ ঢাক!
এই আয়োজনের মূল আকর্ষণ হতে চলেছে ৩,০০০ ঢাকিদের একসঙ্গে ঢাক বাজানো। এর মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
পাস ও সম্প্রচার: এই মেগা ইভেন্টের জন্য সাধারণ মানুষের কাছে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না, কেবল বিশেষ আমন্ত্রিত অতিথিরাই ইডেনে প্রবেশের অনুমতি পাবেন। তবে সাধারণ দর্শকদের সুবিধার জন্য রেড রোডে বিশাল ‘জায়ান্ট স্ক্রিন’ বসানো হচ্ছে, যেখান থেকে সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন সকলে।
