ইডেনে কি ফিরবে বিশ্বকাপের সেমিফাইনাল? কলম্বোর ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে কলকাতার ইডেন গার্ডেন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট সমীকরণে শুক্রবার নিউজিল্যান্ড জয়ী হলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে। আইসিসির শর্তানুযায়ী, পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ কলম্বোয় হওয়ার কথা থাকলেও, ওই দুই দল শেষ চারে জায়গা না পেলে ইডেনে ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে।
ইডেনে সেমিফাইনাল হবে কি না, তা নিয়ে সিএবি ও বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল জল্পনা চলছে। গ্রুপ টু-এর বর্তমান পরিস্থিতি অনুযায়ী, নিউজিল্যান্ড জয়ী হলে বা ইংল্যান্ড জয়ী হয়ে পরের ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দিলে, এশিয়ার ওই দুই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
ফলাফলের এই সমীকরণ ইডেনের ভাগ্য নির্ধারণ করবে। কিউয়ি দল শেষ চারে জায়গা নিশ্চিত করলেই ৪ মার্চ নন্দনকাননে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের জোরালো সম্ভাবনা তৈরি হবে। তাই শুক্রবার কলম্বোর ম্যাচের ফলাফলের অপেক্ষায় এখন গোটা বাংলা।

