ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট: সোমবারে বিরোধীদের মেগা মিছিল, বিকেলে প্রধান বিচারপতির দ্বারে রাহুল-মমতারা – এবেলা

ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট: সোমবারে বিরোধীদের মেগা মিছিল, বিকেলে প্রধান বিচারপতির দ্বারে রাহুল-মমতারা – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ব্যালট পেপারে ভোটগ্রহণে প্রত্যাবর্তন এবং এসআইআর (SIR) বাতিলের দাবিতে পরপর তিন দিন উত্তাল থাকার পর, এবার সোমবারও বড় আন্দোলনের ডাক দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবারে দিল্লির ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।

আন্দোলন শেষে বিরোধী দলের শীর্ষ নেতারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি বিস্তারিত স্মারকলিপি তুলে দেবেন।

গত সপ্তাহের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির পর বিরোধী শিবিরের আশা, সোমবারের এই মিছিলে জনসমাগম আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে। আন্দোলনকারীরা ধাপে ধাপে তাঁদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছেন— মঙ্গলবার সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা, বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে মধ্যাহ্নভোজের পর যন্তর মন্তরে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ এবং পরবর্তীতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়েছে। এবার তাঁদের নজর দেশের শীর্ষ আদালতের দিকে।

রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক ভিডিও বার্তায় স্পষ্ট জানান, দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা এবং ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতি সুনিশ্চিত করার এই লড়াই কোনো নির্দিষ্ট দলের বা রাজনৈতিক লড়াই নয়— এটি মূলতঃ দেশ বাঁচানোর লড়াই।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে রাহুল লেখেন, “গতকাল দিল্লির রাজপথে দেশের যুবসমাজ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এসেছিল। কিন্তু পুলিশ ও শাসকদলের মদতপুষ্টরা তাদের ওপর নির্মম আক্রমণ চালিয়েছে। এটি আমাদের স্বপ্নের ভারত হতে পারে না। সোমবার দল, লিঙ্গ, জাতি কিংবা রাজ্য নির্বিশেষে সমস্ত ভারতবাসী একজোট হয়ে সুপ্রিম কোর্টের অভিমুখে পদযাত্রা করব।”

দলীয় সূত্রের খবর, সোমবারের এই মেগা প্রতিবাদ মিছিলে বিরোধী জোটের প্রায় সমস্ত শীর্ষ নেতাই যোগ দিচ্ছেন। আগের কয়েকটি কর্মসূচিতে অনুপস্থিত থাকলেও সমাজবাদী পার্টি (SP) প্রধান অখিলেশ যাদব এই মিছিলে অংশ নিতে পারেন।

বিরোধী প্রতিনিধি দলকে সাক্ষাৎ দেওয়ার জন্য প্রধান বিচারপতি বিকেল ৪টেয় সময় নির্দিষ্ট করেছেন। এই প্রতিনিধি দলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার বিরোধীরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেছিলেন, এবার একই ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইবেন রাহুল গান্ধীরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *