‘ইয়ার্কি বার করে দেব’: কোচবিহারে ১০ দিন রোগী ‘ফেলে রাখা’র অভিযোগে ডাক্তারদের বিজেপি নেত্রীর ধমক! – এবেলা

‘ইয়ার্কি বার করে দেব’: কোচবিহারে ১০ দিন রোগী ‘ফেলে রাখা’র অভিযোগে ডাক্তারদের বিজেপি নেত্রীর ধমক! – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহারের জেএমএম হাসপাতালে ক্যানসার আক্রান্ত এক রোগীকে টানা ১০ দিন বিনা চিকিৎসায় ‘ফেলে রাখা’র গুরুতর অভিযোগ উঠেছে। খবর পেয়েই হাসপাতালে হাজির হন স্থানীয় বিজেপি নেত্রী তথা জেলার সহ-সভাপতি দীপা চক্রবর্তী। সেখানে ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “আমাকে চেনেন না, ইয়ার্কি বার করে দেব!” তাঁর এই রুদ্রমূর্তি ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের খালাসিপট্টি এলাকার এক বাসিন্দা দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছেন। ১০ দিন আগে জেএমএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও, পরিবারের দাবি—চিকিৎসা তো মিলছেই না, উল্টে রোগীকে ফেলে রাখা হয়েছে। এমনকি পরিবারের তরফ থেকে নিজেদের ঝুঁকিতে (বন্ড সই করে) রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার আবেদন জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিচ্ছে না।

উপায় না দেখে রোগীর পরিবার বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর দ্বারস্থ হয়। বিষয়টি জানতে পেরে তিনি সোজা হাসপাতালে পৌঁছে ডাক্তারদের ওপর ক্ষোভ উগরে দেন। দীপা চক্রবর্তীর অভিযোগ, “সরকার বদলালেও প্রশাসনের ধরন বদলায়নি। ডাক্তার ও আমলারা নিজেদের ইচ্ছেমতো চলছেন এবং রোগীর পরিবারকে মানসিক যন্ত্রণা দিচ্ছেন। এসব আর মেনে নেওয়া হবে না।”

তবে বিজেপি নেত্রীর এই ধমক ও বিতর্কিত বক্তব্য নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জুড়ে জোর চর্চা চলছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *