ইরানে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত নেতানিয়াহুর, সতর্ক অবস্থানে ট্রাম্প

ইরানে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত নেতানিয়াহুর, সতর্ক অবস্থানে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আরও একটি সামরিক অভিযান অনিবার্য বলে মন্তব্য করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের আধিকারিকদের মধ্যে ইতিমধ্যেই এই হামলার ছক অনুমোদিত হয়েছে বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে চার থেকে সাতদিনব্যাপী মার্কিন-সমর্থিত বিমান হানা চালানোর পরিকল্পনা করছেন নেতানিয়াহু।

ইজরায়েলি গোয়েন্দা তথ্যের দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনরুদ্ধারের পাশাপাশি রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের হামলার বিষয়টি খতিয়ে দেখছেন। তবে তিনি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে নারাজ এবং ২০২৭ সালের শুরুর পরেই নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিকাঠামোর উপর আঘাত এড়িয়ে ইরানে হামলার বিকল্প পথ আছে কি না তা যাচাই করতে।

মার্কিন প্রশাসনের দাবি, বর্তমানে আর্থিক বিধিনিষেধ ও নৌ-অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না বলে ট্রাম্প স্পষ্ট করেছেন। অন্যদিকে, নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতেই নেতানিয়াহু ফের যুদ্ধ শুরু করতে চাইছেন বলে বিরোধীরা অভিযোগ তুললেও, তিনি তা অস্বীকার করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহ বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *