‘ইরান এখন ব্যর্থ রাষ্ট্র’, সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে ট্রাম্পের চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ
এক ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর সাতটি পোস্ট করে ইরানকে কড়া মনস্তাত্ত্বিক ও সামরিক বার্তা দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিটি পোস্টেই আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপে তেহরানের চরম কোণঠাসা অবস্থাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
প্রথম পোস্টে প্রতীকী বার্তা হিসেবে ইরানের মানচিত্রের ওপর ট্রাম্পের নিজের মুখ বসানো হয়—যা হরমুজ় প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প স্ট্রেট’ করার বিষয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের সাথেই সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী পোস্টগুলোতে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌ অবরোধের কারণে হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমেছে এবং ইরানের অপরিশোধিত তেল রপ্তানিও আশঙ্কাজনকভাবে ধসে পড়েছে।
পাশাপাশি ইরানের রিয়াল মুদ্রার দরপতনের ছবি তুলে ধরে তিনি জানান, ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড পতনের নেপথ্যে রয়েছে মার্কিন অর্থনৈতিক চাপ। তবে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে ষষ্ঠ পোস্টটি। এআই-নির্মিত সেই ছবিতে দেখা যায়, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপের ওপর দিয়ে চলে যাচ্ছে যুদ্ধবিমান এবং চারপাশে জ্বলছে আগুন। ‘বাই বাই খার্গ’ লেখা ওই কার্ডের মাধ্যমে ইরানের মূল জ্বালানি পরিকাঠামো উড়িয়ে দেওয়ারই বার্তা দেন ট্রাম্প। আর শেষ পোস্টে তিনি ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে তোপ দাগেন।
মার্কিন প্রেসিডেন্টের এই বহুমুখী চাপের মুখে দাঁড়িয়ে দেশের ভঙ্গুর অর্থনীতির কথা স্বীকার করে নিয়েছে ইরান। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র নড়বে না বলে জানিয়ে দিয়েছে। দেশটির অর্থমন্ত্রী আলি মাদানিজ়াদেহ স্পষ্ট করেছেন, বাইরের কোনো শক্তি তেহরানের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ইরান এই সংকট সামাল দেবে।
