ইসকনের নিরামিষের সাথে পাতে থাকবে ডিমও, মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা! – এবেলা
July 30, 2026

এবেলা ডেস্কঃ
স্কুলের মিড ডে মিলে ইসকনের (ISKCON) সাত্বিক নিরামিষ খাবার চালু করা নিয়ে আলোচনার মাঝেই বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইসকন নিরামিষ খাবার পরিবেশন করলেও পড়ুয়াদের পুষ্টি বা প্রোটিনের চাহিদায় কোনো কমতি রাখা হবে না। সংস্থাটির বিশুদ্ধ নিরামিষ আহারের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের বন্দোবস্ত করা হচ্ছে।
এদিন মিড ডে মিলের মান ও সার্বিক পরিকাঠামো উন্নত করতে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী:
- পুষ্টি সুনিশ্চিত করতে পাতে ডিম: ইসকন তাদের নিয়ম মেনে সাত্বিক ও পুষ্টিকর খাবার পরিবেশন করবে। তবে শিশুদের প্রোটিনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার সপ্তাহে এক বা দু’দিন পাতে সেদ্ধ ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ আগস্ট বেলা ১২টায় মুখ্যমন্ত্রী নিজে এই বিশেষ ব্যবস্থার সূচনা করবেন।
- প্রাথমিক স্তরে বাজেট বরাদ্দ বৃদ্ধি: এতদিন মিড ডে মিলে হাইস্কুলে মাথাপিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাথমিকে ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। বৈষম্য দূর করে আগামী ১ আগস্ট থেকে প্রাথমিক স্তরেও এই বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হলো।
- রাঁধুনিদের ভাতা বৃদ্ধি: শুধু শিক্ষার্থী নয়, রান্নার কাজে যুক্ত কর্মীদের মুখেও হাসি ফুটাল প্রশাসন। এতদিন যাঁরা এই কাজ করতেন, তাঁদের মাসিক ভাতা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট সফল হওয়ার পর এবার রাজ্যজুড়ে বিভিন্ন জেলার স্কুলেও ইসকনের মাধ্যমে খাবার বিতরণের এই ব্যবস্থা সম্প্রসারিত করা হচ্ছে।
