উইন্ডফল ট্যাক্সে বড় স্বস্তি কেন্দ্রের! রফতানি শুল্ক কমলেও কি সস্তা হবে আপনার পেট্রোল-ডিজেল? – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মাঝেই ঘরোয়া জ্বালানি সংস্থাগুলাকে বড় স্বস্তি দিল কেন্দ্র। এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) এবং পেট্রোল-ডিজেল রফতানির ওপর থেকে উইন্ডফল ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ATF রফতানিতে কর লিটার প্রতি আড়াই টাকা এবং ডিজেলের ক্ষেত্রে রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস ১.৫ টাকা থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। জ্বালানি রফতানি সহজ করতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষপ নেওয়া হলেও, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতিতে তেল সংস্থাগুলোর মুনাফা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে সাধারণ গ্রাহকদের পকেটে এই সিদ্ধান্তের সরাসরি কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ব্যবহারের পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে দিল্লি, মুম্বাই কিংবা কলকাতার মতো মেট্রো শহরগুলোতে জ্বালানির খুচরা দর আপাতত অপরিবর্তিতই থাকছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে প্রতি ১৫ দিন অন্তর এই করের হার সংশোধন করা হলেও, বিশ্ববাজারের সাম্প্রতিক উত্তেজনার মাঝে দেশে চালকের আসনে স্বস্তি আনাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য।
