উত্তপ্ত মণিপুর! দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ জওয়ান, পুড়ে ছাই একাধিক বাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ
ফের অশান্ত মণিপুরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। রবিবার রাত আড়াইটে থেকে সোমবার সকাল পর্যন্ত চলা এই হিংসাত্মক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। কাংপোকপি ও সেনাপতি জেলার একাধিক গ্রামে দুষ্কৃতীরা একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ভয়াবহ পরিস্থিতির জেরে সোমবার সকাল থেকেই চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোয় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তাপৌ কুকি ও নাগা তাপৌ গ্রামে অগ্নিসংযোগের পর দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। হিংসার মাঝে পড়ে জখম জওয়ানকে তড়িঘড়ি উদ্ধার করে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চলা কুকি-মেতেই উত্তেজনার জেরে উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্তি কাটছেই না।
