উদয়পুরের উন্নয়ন ও রাজ্যে সন্ত্রাসের পরিবেশ নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী

উদয়পুরের উন্নয়ন ও রাজ্যে সন্ত্রাসের পরিবেশ নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী

উদয়পুর শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, ২০১৮ সাল থেকে উদয়পুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও শহরের সামগ্রিক উন্নয়নে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জল নিষ্কাশন, পানীয় জল সরবরাহ, শিক্ষা ও খেলাধুলার পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে গত নয় বছরে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে তিনি দাবি করেন। অথচ মন্ত্রী হিসেবে উন্নয়নের জন্য বাড়তি সুযোগ থাকা সত্ত্বেও শহরটি পিছিয়ে রয়েছে বলে তাঁর অভিমত।

জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন, অতীতে উদয়পুরের যে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক পরিবেশ ছিল, তা বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে অতীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সম্মান জানানোর যে ঐতিহ্য ছিল, তা এখন বিলুপ্তপ্রায়। তিনি বলেন, বিজেপি সরকার অবৈধ সম্পদ ও ক্ষমতা ধরে রাখার স্বার্থেই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার মতো ঘটনা গণতন্ত্রের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

বিজেপির উন্নয়নের দাবিকে কটাক্ষ করে তিনি বলেন, বাস্তবে শহরগুলোতে যানজট, ফুটপাত দখল, দুর্বল নিকাশি ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রকট। বেকারত্ব ও দারিদ্র্যের সুযোগ নিয়ে যুবকদের ভুল পথে চালিত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আগামী নির্বাচনে ভোট চুরি ও ছাপ্পা ভোটের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটাধিকার রক্ষায় দেশজুড়ে চলমান প্রতিবাদ ও আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *