‘উপযুক্ত জবাব দেব’: স্বাধীনতা দিবসে ভারতবিরোধী বিষোদ্গার পাক প্রধানমন্ত্রী শাহবাজের – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের ভারতবিরোধী বক্তব্য পেশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে আয়োজিত ‘ইয়াদগার-এ-ফাতেহ’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সিন্ধু জল চুক্তি ইস্যুতে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেন তিনি। শাহবাজ স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের জলসম্পদের প্রতিটি ফোঁটা তাঁদের কাছে ‘রেড লাইন’। ভারত যদি চুক্তি সম্পর্কিত সিদ্ধান্ত থেকে পিছু না হটে, তবে পাকিস্তান কড়া পাল্টা পদক্ষেপ করবে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে। এরপর মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর অধীনে পাকিস্তানের ভেতরে একাধিক সন্ত্রাসবাদী আস্তানায় অভিযান চালায় ভারতীয় বাহিনী। সেই সংঘাতের কথা টেনে এনে পাক প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তান শান্তির পক্ষে থাকলেও তাদের সার্বভৌমত্বে আঘাত এলে মে মাসের সংঘাতের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে। যদিও মে মাসের এই সামরিক সংঘাতের পরেই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
বক্তব্যে যুদ্ধবিরতির প্রসঙ্গ তুলে শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং দাবি করেন ট্রাম্পের হস্তক্ষেপেই সংঘাত এড়ানো সম্ভব হয়েছিল। যদিও নয়াদিল্লি শুরু থেকেই তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার কথা অস্বীকার করে এসেছে; ভারতের স্পষ্ট বক্তব্য, এই সিদ্ধান্ত সম্পূর্ণ দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমেই হয়েছে। একই সাথে শাহবাজ চিনকে পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে সৌদি আরব ও তুরস্কের সাথে প্রতিরক্ষা জোটের গুরুত্বের কথাও তুলে ধরেন।
