উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল বাবা ও দুই সন্তানের, আশঙ্কাজনক মা – এবেলা
এবেলা ডেস্কঃ
উলুবেড়িয়া: নথিপত্র হাতে শুনানিতে যাওয়াই কাল হলো। উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও তাঁর দুই নাবালক সন্তান। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, বুধবার এসআইআর (SIR) শুনানিতে হাজিরা দিতে স্বামী ও সন্তানদের নিয়ে বাইকে করে বাগনানে যাচ্ছিলেন সামিনা বেগম। উলুবেড়িয়া চেকপোস্টের কাছে আচমকা একটি চারচাকার গাড়ি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারান চালক শেখ সিরাজ (৩৫)। বাইকটি সজোরে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে।
হতাহতের বিবরণ:
ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ সিরাজ এবং তাঁর দুই সন্তান— সাত বছরের পুত্র শেখ হীরাজ ও চার বছরের কন্যা সঞ্জনা খাতুনের। আশঙ্কাজনক অবস্থায় সামিনা বেগমকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত পরিবারটি সাঁকরাইলের বানিপুরের বাসিন্দা।
পুলিশি পদক্ষেপ:
ইতিমধ্যেই ঘাতক চারচাকার গাড়ি এবং ট্রাকটিকে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। কার গাফিলতিতে এই মর্মান্তিক পরিণতি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

