উৎসবের আগে চিনির বাজারে আগুন! কালোবাজারি রুখতে নবান্নের কড়া পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ
বিগত প্রায় কুড়ি দিনে প্রতি কেজিতে কুড়ি টাকারও বেশি দাম বৃদ্ধি পাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও মিষ্টি ব্যবসায়ীরা। আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে চিনির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মজুতদারির আশঙ্কায় নড়েচড়ে বসেছে প্রশাসন। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের কঠোর নির্দেশিকার পর এবার নবান্নের তরফে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে একটি বিশেষ নজরদারি ও যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনোভাবেই চিনির কালোবাজারি বরদাস্ত করা হবে না।
কেন্দ্রের পাঠানো নির্দেশিকা অনুযায়ী, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক এবং বড় মিষ্টির দোকানের মতো প্রতিষ্ঠানগুলি একটানা ১৫ দিনের বেশি বা ১০ মেট্রিক টনের বেশি চিনি মজুত রাখতে পারবে না। এই নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করলে ন্যূনতম তিন মাসের কারাদণ্ডসহ আর্থিক জরিমানার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের অবিলম্বে মাঠে নেমে স্টক বা মজুত ভাণ্ডার খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
