উৎসবের মুখে বিষাক্ত খাবারের রমরমা, কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করল এফডিএ!

এবেলা ডেস্কঃ
ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার: মহারাষ্ট্রে ১০৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, বাতিল ৭টি
নিজস্ব প্রতিবেদক: খাদ্যসুরক্ষা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগে মহারাষ্ট্রের ১০৫টিরও বেশি খাদ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে রাজ্য সরকার। একইসঙ্গে, গুরুতর অনিয়মের দায়ে ৭টি রেস্তোরাঁ ও খাদ্য প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
গত ৪ ও ৫ নভেম্বর মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) রাজ্যজুড়ে ৬৯টিরও বেশি বড় প্রতিষ্ঠানে একযোগে এই বিশেষ অভিযান চালায়। অভিযানে ১.৩৫ কোটি টাকা মূল্যের প্রায় ৩৯,৪৮৫ কেজি নিম্নমানের ও ভেজাল খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
তালিকায় রয়েছে জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম ‘ব্লিঙ্কইট’ (Blinkit) এবং ‘জেপ্টো’ (Zepto)-র মতো প্রতিষ্ঠানের ডার্ক স্টোর ও গোডাউনগুলোও। এই অভিযানে মুম্বই ও সংলগ্ন এলাকা থেকে ২৮টি দোকানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর মধ্যে ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’ নামক একটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। কেবল মুম্বই থেকেই ১৩.৮৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ২,৩৯৬ কেজি অস্বাস্থ্যকর খাবার উদ্ধার করা হয়েছে।
অভিযানে বিভিন্ন এলাকায় ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে। মালাডের ‘জেঠারাম চুনিরাম পুনিয়া’ থেকে প্যাকেজিং বা বৈধ লাইসেন্স ছাড়াই তৈরি বিপুল পরিমাণ খাবার পাওয়া গেছে। ভিলে পার্লের ‘জামনাগরি সুইটস অ্যান্ড ফারসান’ থেকে ক্ষতিকারক রাসায়নিকযুক্ত রঙ মেশানো ৪৪ কেজি কালাকাঁদ ও লাড্ডু জব্দ করেছে প্রশাসন।
এফডিএ-র তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হতো। এছাড়া কর্মীদের মেডিকেল ফিটনেস সনদ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ তথ্যের অভাবসহ সরকারি নিয়মনীতির চরম লঙ্ঘন ছিল স্পষ্ট।
এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “আমজনতার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। সংস্থা ছোট হোক কিংবা আন্তর্জাতিক মানের বড় কোনো ব্র্যান্ড, আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” উৎসবের মরশুম ঘিরে এ ধরনের আকস্মিক ও মেগা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্য খাদ্যসুরক্ষা দপ্তর।
