এআই ডেটা সেন্টারের চাহিদায় বাড়ছে স্মার্টফোনের দাম

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদার কারণে মেমরি চিপের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই চিপের উচ্চমূল্য বর্তমানে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফোনের মোট উৎপাদন খরচের একটি বড় অংশ এখন মেমরি চিপের পেছনে ব্যয় করতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ডিভাইসের চূড়ান্ত মূল্যের ওপর।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে একটি স্মার্টফোনের মোট উৎপাদন খরচে মেমরির হিস্যা ছিল প্রায় ১৩ শতাংশ। তবে বছরের শেষ নাগাদ এই হার ৪৩ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যাপল, স্যামসাং, শাওমি এবং অপোর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম স্মার্টফোনের দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে অথবা দাম বাড়ানোর প্রবল চাপ তৈরি হয়েছে।
ভারতের বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের দাম ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়ানোর প্রবণতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রেতারা এখন কেবল ব্র্যান্ডের ওপর নির্ভর না করে ফোনের ক্যামেরা, প্রসেসরের গতি, ব্যাটারি ব্যাকআপ এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের সক্ষমতার দিকে বেশি নজর দিচ্ছেন। চিপের এই মূল্যবৃদ্ধি আগামী দিনে স্মার্টফোন বাজারের সামগ্রিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
