একটানা চারজনের মৃত্যুতে শোকের ছায়া, সেপটিক ট্যাঙ্কে নেমে মর্মান্তিক পরিণতি দেখল মোহনপুর – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার আঁতলা গ্রামে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা, ছেলে ও ভাই সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বদির মল্লিক নামে এক ব্যক্তি তাঁর বোনের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরির কাজ করার সময় অসাবধানতাবশত ঢাকা ট্যাঙ্কের ভিতর পড়ে যান। দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে জমা হওয়া মারাত্মক বিষাক্ত গ্যাসে তিনি সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভাইকে বাঁচাতে গিয়ে তাঁর দিদি সারজিনা বিবিও ওই ট্যাঙ্কে পড়ে যান। পরিবারের এই আর্তনাদ শুনে মাকে উদ্ধারে দ্রুত ছুটে আসে সারজিনা বিবির ছেলে শেখ রবিউল। কোনও কিছু চিন্তা না করেই সেও বিষাক্ত গ্যাসে ভরা ট্যাঙ্কের ভিতর নেমে পড়ে এবং মুহূর্তের মধ্যে জ্ঞান হারায়।
স্বজনদের এই বিপর্যয় দেখে তাঁদের বাঁচাতে একে একে এগিয়ে যান প্রতিবেশী শেখ সাহেব ও শেখ আবুকালাম নামে দুই ব্যক্তি। তবে বিষাক্ত গ্যাসের প্রভাবে শেষ পর্যন্ত শেখ সাহেবও ট্যাঙ্কের ভিতরে প্রাণ হারান। পরে স্থানীয় গ্রামবাসীরা মুখে কাপড় বেঁধে মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শেখ আবুকালাম। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জমা থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
