একমাসের মেগা রণকৌশল! মোদির জন্মদিনে বঙ্গ বিজেপির মাস্টারস্ট্রোক মহিলা ও যুবসমাজকে টানতে – এবেলা

একমাসের মেগা রণকৌশল! মোদির জন্মদিনে বঙ্গ বিজেপির মাস্টারস্ট্রোক মহিলা ও যুবসমাজকে টানতে – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং প্রশাসনের শীর্ষে তাঁর আড়াই দশকের বর্ণময় যাত্রাকে সামনে রেখে এক মাসের মেগা জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই ‘সেবা সংকল্প অভিযান’কে ঘিরে সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে রাজ্যে সরকার ও সংগঠনকে একযোগে ময়দানে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির সার্বিক দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। মূলত মহিলা ও যুবসমাজকে পাখির চোখ করে এই অভিযান সাজানো হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির।

এই মেগা কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে পদযাত্রা, বাইক র‌্যালি, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং বৃক্ষরোপণের মতো একাধিক সামাজিক উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ সভা, তীর্থযাত্রীদের সহায়তা এবং ‘সেবা মে মেরা যোগদান’ অভিযানের মাধ্যমে সাধারণ নাগরিক সরাসরি যুক্ত হবেন। মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত পৃথক কমিটি গঠন করে ‘সেবা সেতু’ অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী বঞ্চিতদের নাম নথিভুক্ত করার কাজও চলবে। রাজনৈতিক মহলের মতে, জন্মদিনের আবেগকে কাজে লাগিয়ে সরকারি প্রকল্পের সুফল জনমানসে পৌঁছে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *