একে-৪৭ নিয়ে রাজভবন অভিযান RJD-র, পাটনায় তেজস্বী যাদব আটক! – এবেলা

একে-৪৭ নিয়ে রাজভবন অভিযান RJD-র, পাটনায় তেজস্বী যাদব আটক! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাটনা: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর একে-৪৭ রাইফেল ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিহারের রাজনীতি। বুধবার পাটনায় রাজভবন অভিমুখে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) বিশাল মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজভবন চত্বর। মিছিলের নেতৃত্বে থাকা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।

মিছিলটি রাজভবনের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়, যার ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ি থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করে তেজস্বী যাদব বলেন, “আমরা ভয় পাওয়ার পাত্র নই। প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্নীতি বন্ধ করতে এবং ছাত্রদের অধিকার রক্ষায় লড়াই জারি থাকবে। সাধারণ মানুষ হাত গুটিয়ে বসে থাকবে না, এই অন্যায়ের পূর্ণাঙ্গ বিচার চাই।”

সিওয়ানে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদের প্রতীক হিসেবে মিছিলে RJD কর্মীদের হাতে কাঠের তৈরি একে-৪৭ মডেল দেখা যায়। এ নিয়ে বিহারের বর্তমান সরকারকে ‘খুনি সরকার’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন RJD সাংসদ মিসা ভারতী। তিনি প্রশ্ন তোলেন, “সুপ্রিম কোর্টে সরকার স্বীকার করেছে যে বিক্ষোভে একে-৪৭ ব্যবহার করা হয়েছিল। কার নির্দেশে পুলিশ সাধারণ মানুষের ওপর এভাবে চড়াও হলো? অবিলম্বে সেখানকার DM ও SP-কে বরখাস্ত করতে হবে।”

RJD সাংসদ মনোজ কুমার ঝা অভিযোগ করেন, বিহারে এখন পরীক্ষা ফাঁস একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, যা তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে। দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, মিছিলে যোগ দিতে আসা বহু ছাত্রনেতাকে পুলিশ আগাম আটক করেছে এবং দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই আন্দোলনকে তেজস্বী যাদবের ‘রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই’ বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি দাবি করেন, নিজের দলের কর্মীদেরই তেজস্বীর ওপর আস্থা নেই, তাই রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফেরাতে এই নাটকের আয়োজন। শাসক ও বিরোধীদের এই টানাপোড়েনের মাঝে বিহারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *