এক ক্লিকেই মিলবে পুলিশ ও অ্যাম্বুল্যান্সের সাহায্য, পুজোয় সুরক্ষায় থাকছে অভিনব কিউআর কোড – এবেলা

এক ক্লিকেই মিলবে পুলিশ ও অ্যাম্বুল্যান্সের সাহায্য, পুজোয় সুরক্ষায় থাকছে অভিনব কিউআর কোড – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার এক অভিনব পদক্ষেপ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উৎসবের কদিন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় সামলাতে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দিতে বিশেষ কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা এই কোড স্ক্যান করলেই মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট এলাকার পুলিশের হেল্পলাইন নম্বর, নিকটবর্তী হাসপাতাল ও অ্যাম্বুল্যান্স সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি, তৃতীয়া থেকেই মাঠে নামছে বিশেষ দুর্গাবাহিনী এবং মহিলা কনস্টেবলরা, যা মহিলাদের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।

পুজোয় আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। রাতভর নজরদারির দায়িত্বে থাকবেন কুড়ি জন পুলিশ আধিকারিক ও পাঁচশো কনস্টেবল, সেইসঙ্গে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবে র‌্যাফ। ভিড় এড়াতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে তিপ্পান্নটি পয়েন্টে নিয়মিত নাকাচেকিং ও পঁয়ষট্টিটি সহায়তা বুথ কাজ করবে। মহিলাদের সুবিধার্থে নির্দিষ্ট দূরত্বে বায়ো টয়লেট এবং বেবি ফিডিং জোনের ব্যবস্থাও রাখা হয়েছে। খড়্গপুর ও মেদিনীপুর শহরে যান নিয়ন্ত্রণে বিশেষ ট্র্যাফিক কিয়স্ক এবং সাইবার ক্রাইম রোধে সাইবার ওয়ালের বন্দোবস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *