এক ফোনেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কসবার ঝাঁ-চকচকে অফিসে পুলিশের হানায় গ্রেফতার ৬৭ – এবেলা

এবেলা ডেস্কঃ
মোবাইল টাওয়ার বসানোর নামে শহরজুড়ে পাতা জালিয়াতির ফাঁদ ভেস্তে দিল কলকাতা পুলিশ। কসবা এলাকায় একটি ঝাঁ-চকচকে অফিস ভাড়া নিয়ে অবাধে চলছিল এই প্রতারণা চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লালবাজারের গুন্ডা দমন শাখা ৬৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে, যার মধ্যে ৪১ জনই মহিলা। প্রতারকরা মূলত ফোনে যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষকে ছাদে টাওয়ার বসানোর টোপ দিত। এরপরই ইনস্টলেশন চার্জের নামে হাতিয়ে নেওয়া হতো ব্যাঙ্কের যাবতীয় গোপন তথ্য।
তদন্তে নেমে জালিয়াতির টাকা লেনদেনের জন্য ব্যবহৃত ১০০টিরও বেশি বেনামি বা ‘মিউল’ অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ, মোবাইল ফোন, সিমকার্ড ও রাউটার সহ একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। সাধারণ মানুষের থেকে হাতানো টাকা কীভাবে এই সব অ্যাকাউন্টে পাঠানো হতো, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃরাজ্য চক্রের নেপথ্যে থাকা মূল পণ্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজার।
