এক মাসের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

এক মাসের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আগামী এক মাসের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, উত্তরবঙ্গের মানুষের আস্থার প্রতি সম্মান জানিয়ে এই অঞ্চলের শিক্ষাব্যবস্থার হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। শিক্ষাঙ্গনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত ব্যবস্থার পরিবর্তন ঘটানোই বর্তমান লক্ষ্য।

সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, রাজ্যের ৩১টি সরকারি পোষিত কলেজে দীর্ঘ সময় ধরে সমাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পড়ুয়ারা পড়াশোনা শেষ করার পর সময়মতো ডিগ্রি না পাওয়াটা কাম্য নয়। তাই আগামী দুই মাসের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কলেজে সমাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৮ থেকে ২০২১ ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সমাবর্তনের প্রচলিত পোশাক বা রোব পরার রীতির বিরুদ্ধেও সরব হয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আইআইটি বা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন আর রোব পরার চল নেই। ভারতীয় মূল্যবোধ ও ঐতিহ্যের কথা মাথায় রেখে ভবিষ্যতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই ধারা পরিবর্তন করা হবে। সমাবর্তনের জন্য উত্তরীয়ই যথেষ্ট বলে মনে করেন তিনি। এই প্রথাগত পোশাকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী নিজে এদিন রোব পরিধান করা থেকে বিরত থেকেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *