এক রাতে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য, গ্রেফতার স্বামী সহ চার – এবেলা

এবেলা ডেস্কঃ
একই রাতে বারাসাত ও সংলগ্ন বাদুতে দুই গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও দুই ক্ষেত্রেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতন ও তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছে মৃতাদের পরিবার। বারাসাতের শালবাগানে রিয়া দেবনাথ নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, আগের দুটি বিয়ের কথা গোপন রেখে রিয়ার ওপর নির্যাতন চালাতেন স্বামী প্রসেনজিৎ বসু। মঙ্গলবার রাতে শ্বশুরালয়ে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিজনরা। মৃতার মায়ের দাবি, মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী প্রসেনজিৎ বসুকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।
অন্য ঘটনাটি বাদুর গুস্তিয়া এলাকার। অতিরিক্ত পণের দাবিতে অত্যাচারিত হয়ে অর্ণবী চট্টোপাধ্যায় নামে অপর এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের পর মঙ্গলবার শ্বশুরবাড়িতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে বাপের বাড়িতে ফিরে তিনি চরম পথ বেছে নেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও পণের দাবিতে অত্যাচারের অভিযোগে মৃতার স্বামী সৌম্যদীপ সেনগুপ্ত, শ্বশুর সমীর ও শাশুড়ি মিতা সেনগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। জোড়া মৃত্যুর ঘটনায় মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
