এসএসকেএম-এ ‘না’, চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের দরজায় অভিষেক! – এবেলা

এসএসকেএম-এ ‘না’, চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের দরজায় অভিষেক! – এবেলা

এবেলা ডেস্কঃ

চোখের চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতে এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টে তাঁর আবেদন খারিজ হওয়ার পরই কালবিলম্ব না করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছেন তিনি। গত ৭ আগস্ট গভীর রাতে (রাত ১টা ৫৫ মিনিটে) এই পিটিশনটি দাখিল করা হয়। জানা গেছে, আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে।

দীর্ঘদিন ধরেই বিদেশযাত্রার আইনি অনুমতি নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাওয়া সত্যিই জরুরি কি না, তা পরীক্ষা করবে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল। আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএম-এর চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর শারীরিক পরীক্ষা করার কথা বলা হয়েছিল।

তবে বিচারপতির সেই নির্দেশের পর অভিষেকের আইনি প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এসএসকেএম হাসপাতালে কোনো পরীক্ষা করাতে ইচ্ছুক নন। এর ফলে গত বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর বিদেশ চিকিৎসার আবেদনটি খারিজ করে দেন।

উল্লেখ্য, গত ২১ মে একটি মামলার সূত্রে অভিষেকের বিদেশযাত্রার ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে গত ২৩ জুন প্রথম হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। একাধিক শুনানির পরও হাইকোর্ট থেকে কাঙ্ক্ষিত স্বস্তি না মেলায়, শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দারস্থ হলেন এই তৃণমূল সাংসদ। এখন দেখার, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয়—সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *