ঐতিহাসিক হাওড়া ব্রিজে যোগাসন! আন্তর্জাতিক যোগ দিবসে গঙ্গাবক্ষে নজিরবিহীন উদ্যোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তিলোত্তমার বুকেই এবার রচিত হতে চলেছে এক অনন্য ইতিহাস। প্রতিদিন যে সেতু দিয়ে লাখ লাখ মানুষ আর হাজার হাজার যানবাহন যাতায়াত করে, সেই ব্যস্ততম হাওড়া ব্রিজ এবার সাক্ষী থাকবে ভারতের প্রাচীন যোগ সংস্কৃতির। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী সোমবার হাওড়া ব্রিজের ওপর আয়োজন করা হচ্ছে এক বিশেষ যোগাসন কর্মসূচির।
প্রশাসন সূত্রে খবর, গঙ্গার ওপর তৈরি এই ঐতিহ্যবাহী ক্যান্টিলিভার সেতুর একপাশের ফুটপাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে ‘গঙ্গা যোগা করিডর’। যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে যোগাসনে অংশ নেবেন। একদিকে বয়ে চলা গঙ্গা নদী আর অন্যদিকে ঐতিহ্যের প্রতীক হাওড়া ব্রিজ— এই দুইয়ের মেলবন্ধনে সুস্থ জীবনযাপনের বার্তা দিতেই এমন নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয়েছে।
চলছে জোরকদমে প্রস্তুতি:
সেতুর ওপর এমন অভিনব কর্মসূচির আয়োজন যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তার জন্য কোমর বেঁধে নেমেছে প্রশাসন। ইতিমধ্যেই বৃহস্পতিবার হাওড়া ব্রিজে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন জেলাশাসক সহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা।
সেতুর ওপর দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। প্রশাসনের মতে, এই আয়োজন শুধু যোগচর্চাকেই উৎসাহিত করবে না, বরং বাংলার ঐতিহ্য ও ভারতের প্রাচীন সংস্কৃতিকে বিশ্বের দরবারে আরও একবার নতুন মাত্রায় তুলে ধরবে।
