‘ওটা তো ভিক্টোরিয়ায় ঘুরতে আসা লোক!’ মমতার একুশের ভিড় ও জোট-বার্তাকে তুলোধোনা শমীকের – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোট-বার্তা এবং সভার ভিড়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন খাস কলকাতায় আড়াই বর্গকিলোমিটারের মধ্যে তিনটি আলাদা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হলেও, মমতার সভার ভিড়কে বিন্দুমাত্র আমল দিতে নারাজ বিজেপি। শমীকের দাবি, ওটা কোনও রাজনৈতিক ভিড় নয়, বরং ‘ভিক্টোরিয়া-নন্দন চত্বরের স্বাভাবিক ভিড়’!
শমীকের আক্রমণের মূল তিনটি দিক:
- ‘ব্রিগেড নয়, ওটা নন্দন চত্বর’: মমতার সভার ভিড় নিয়ে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, “সভা তো আর ব্রিগেডে হয়নি, হয়েছে ভিক্টোরিয়া-নন্দন চত্বরে। আবহাওয়া মনোরম থাকায় এমনিতেই ওই সময় মানুষ সেখানে ঘুরতে যান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে কেউ গিয়ে থাকলে ভালোই করেছেন!” তিনি আরও দাবি করেন, এবারের একুশে জুলাইয়ে চেনা যানজট বা হাওড়া-শিয়ালদহ স্টেশনে উপচে পড়া ভিড়ের সেই চিরপরিচিত ছবি একেবারেই দেখা যায়নি।
- ‘হরিনাম খাবলা খাবলা’: তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে ‘হরিনাম খাবলা খাবলা’ প্রবাদের সঙ্গে তুলনা করেন শমীক। তাঁর কথায়, দল এখন কার দখলে থাকবে, তা নিয়ে নিজেদের মধ্যেই মারামারি চলছে। তিনি মন্তব্য করেন, “একুশের শহিদদের আত্মাও আজ স্বর্গ থেকে চমকে উঠছেন আর ভাবছেন, আমাদের মঞ্চে এসব কী হচ্ছে!”
- জোট-রাজনীতিকে ‘পরজীবী’ আখ্যা: বিরোধী শক্তিগুলিকে একজোট করার মমতার আহ্বানকে চরম কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, তৃণমূল দলটাই এখন আর আগের মতো নেই। তিনি বলেন, “মমতা কি তবে সবাইকে একত্রিত করে এখন পরজীবী হতে চাইছেন? এটা অত্যন্ত লজ্জার বিষয়।” শমীকের পরামর্শ, বিরোধী দলগুলিকে এক করার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উচিত নিজের দলের ‘ভাইদের’ আগে সংঘবদ্ধ করা।
