ওনাম উৎসবের আনন্দের পরেই মর্মান্তিক পরিণতি! আমেরিকায় রহস্যজনকভাবে খুন কেরলের দুই তরুণী – এবেলা

এবেলা ডেস্কঃ
আমেরিকায় মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন কেরলের দুই তরুণী। পৃথক দুটি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় এবং অন্যজনকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত অঞ্জনা হরি (৩৫) এবং অ্যান মেরি ম্যাথিউ (৪০) একে অপরকে চিনতেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩২ বছর বয়সি অনিলা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, ধৃত তরুণী নিহতদেরই পূর্বপরিচিত বন্ধু ছিলেন এবং ঘটনার ঠিক একদিন আগেই তারা একসঙ্গে ওনাম উৎসবে যোগ দিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত ২৮ আগস্ট মিলপিটাস এলাকায় গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অঞ্জনার। অন্যদিকে, অ্যানকে তাঁর নিজের বাড়ির ভিতর থেকে রক্তাক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে এই দুটি মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাদ্দের আসল কারণ খোঁজার চেষ্টা চলছে। ইতিমধ্যে আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, এবং দুই তরুণীর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
