ওম্বুডস্ম্যানের ডানছাঁটাই! রাজ্য সংস্থাগুলির অভিযোগে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 202611:18 am
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রশাসনিক কাঠামোয় এক বড়সড় পরিবর্তনের হাওয়া। বোর্ডের বিশেষ ও গুরুত্বপূর্ণ পদ ‘ওম্বুডস্ম্যান’-এর সীমাহীন ক্ষমতায় এবার রাশ টানতে চলেছে বোর্ড কর্তারা। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি স্পষ্ট নির্দেশিকা জারি করবে বিসিসিআই।
কেন এই কঠোর পদক্ষেপ? সম্প্রতি অনুষ্ঠিত বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় (AGM) ওম্বুডস্ম্যানের ভূমিকা নিয়ে সোচ্চার হয় দেশের বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট সংস্থা। উত্তরপ্রদেশ, কেরল, বরোডা, পাঞ্জাব এবং ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অভিযোগের মূল বক্তব্য:
- অনাবশ্যক হস্তক্ষেপ: রাজ্য সংস্থাগুলির দাবি, যে বিষয়গুলি সরাসরি তাদের এখতিয়ারভুক্ত, সেগুলিতেও নিজ উদ্যোগে নাক গলাচ্ছেন ওম্বুডস্ম্যান।
- বিপুল আর্থিক ক্ষতি: এই জাতীয় হস্তক্ষেপের ফলে রাজ্য সংস্থাগুলিকে অনাবশ্যক আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে মামলা লড়তে গিয়ে প্রতি বছর প্রচুর টাকা গচ্ছা যাচ্ছে, যা রাজ্য ক্রিকেট সংস্থাগুলির আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত: রাজ্যগুলির ক্ষোভকে গুরুত্ব দিয়ে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ওম্বুডস্ম্যানের দায়িত্ব ও কাজের পরিধি সুনির্দিষ্ট করে দেওয়া হবে। কোন কোন বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারবেন এবং কোন ক্ষেত্রে পারবেন না, তার একটি স্পষ্ট নিয়মাবলী জারি করা হবে। নির্দিষ্ট সেই এক্তিয়ারের বাইরে গিয়ে ওম্বুডস্ম্যান আর রাজ্যস্তরের কোনও বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না।
