“কংগ্রেস ও সপা দেশের তরুণদের বিভ্রান্ত করেছে!”— রাহুল-অখিলেশকে তোপ দাগলেন যোগী আদিত্যনাথ – এবেলা

এবেলা ডেস্কঃ
কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে (সপা) একহাত নিয়ে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশের দীর্ঘদিনের শাসক কংগ্রেস এবং উত্তরপ্রদেশের প্রাক্তন ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, এই দুই দল মূলত দেশের ও রাজ্যের যুবসমাজকে বিপথগামী করেছে এবং তাদের মধ্যে এক গভীর ‘পরিচয় সংকট’ তৈরি করেছে। নাম না করে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন— দীর্ঘ শাসনকালে দেশের বা রাজ্যের তরুণ প্রজন্মের জন্য আদতে তারা কী করেছে?
যোগীর মতে, কংগ্রেসের ৫৫-৬০ বছরের শাসনামলে দেশের যুব সমাজ চরমপন্থা, সন্ত্রাসবাদ, অস্থিরতা এবং দাঙ্গার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, এত বছর দেশ শাসন করে কংগ্রেস জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে।
অন্যদিকে, নিজের সরকারের সাফল্য তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে গত এক দশকে দেশে এক বিশাল রূপান্তর ঘটেছে। দেশের তরুণরা এখন কেবল ‘চাকরিপ্রার্থী’ নয়, বরং নিজেদের যোগ্যতায় ‘কর্মসংস্থান সৃষ্টিকারী’ হয়ে উঠছেন। বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
পাশাপাশি উত্তরপ্রদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে যোগী জানান, রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা ও এমবিবিএস (MBBS) আসন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধীদের ব্যর্থতা উগড়ে দিয়ে যোগী আদিত্যনাথের এই কড়া আক্রমণ আগামী রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
