ককপিটে কো-পাইলটের রক্তপিপাসু হামলা! ভারতীয় পাইলটের অবিশ্বাস্য সাহসিকতায় বাঁচল শত শত প্রাণ – এবেলা

এবেলা ডেস্কঃ
ফ্লাইদুবাইয়ের (Flydubai) বিমানে ককপিটের ভেতরে ঘটা এক ভয়াবহ ও রোমহর্ষক হামলার ঘটনায় এবার মুখ খুললেন খোদ ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। শত শত যাত্রীর প্রাণ বাঁচিয়ে তিনি এখন বিশ্বজুড়ে খবরের শিরোনামে। সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক ভিডিয়ো কলে কথোপকথনের সময় সেই মর্মান্তিক মুহূর্তের হাড়হিম করা বিবরণ দেন তিনি। কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখ থেকে বিমানটিকে ফিরিয়ে এনেছিলেন, তা যে কারও মনে শিহরণ ধরাবে।
প্রথমে ভেবেছিলেন যান্ত্রিক গোলযোগ
ঘটনাটি গত ৩০ সেপ্টেম্বরের। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ (FZ1073) বিমানটি আকাশে ওড়ার পর সব কিছু স্বাভাবিকই ছিল। হঠাৎই কো-পাইলট সিট থেকে উঠে দাঁড়িয়ে অস্বাভাবিক আচরণ ও প্রার্থনা করতে শুরু করেন। বিষয়টি প্রথমটায় স্বাভাবিক ঠেকায় বিশেষ গুরুত্ব দেননি ক্যাপ্টেন মচ্ছর।
কিন্তু এর পরেই ঘটে যায় বিপত্তি। হঠাৎই মচ্ছরের মাথার পিছনে জোরালো আঘাত করা হয়। প্রথমে তাঁর মনে হয়েছিল, বিমানের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তীব্র ঝাঁকুনি লেগেছে। কিন্তু পরপর আরও আঘাত আসতে থাকায় তাঁর ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন, বিমান নয়, বরং তাঁর পাশেই বসা কো-পাইলট ক্র্যাশ অ্যাক্স (কুঠার) দিয়ে তাঁকে আক্রমণ করছেন। মচ্ছর জানান, প্রথম দিকের আঘাতের পরেই তাঁর দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। কোনোমতে কো-পাইলটকে আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়।
ককপিটেই জীবন-মৃত্যুর লড়াই
মুহূর্তের মধ্যে বিমানটি নিচের দিকে নামতে শুরু করে এবং কো-পাইলট ককপিটের দরজা বন্ধ করে দেন। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় বাইরে থেকে যাত্রীদের চিৎকার শুনতে পান মচ্ছর। তিনি বুঝতে পেরেছিলেন, শেষ চেষ্টাটুকু না করলে কাউকে বাঁচানো যাবে না।
শরীরে তখন আর বিশেষ শক্তি অবশিষ্ট নেই। কোনোমতে শেষ শক্তি দিয়ে দরজার কাছে এগিয়ে যান তিনি। বাইরে থেকে যখন কোড ব্যবহার করে দরজা খোলার চেষ্টা চলছে, ঠিক তখনই ভিতর থেকে একটি নব ঘুরিয়ে দরজা খুলে দেন মচ্ছর। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ক্রু সদস্য ও যাত্রীরা ভিতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করানো হয়। সংযুক্ত আরব আমিরশাহির পক্ষ থেকে ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলার চেষ্টা’ বলে উল্লেখ করা হয়েছে।
নেতানিয়াহুর কুর্নিশ এবং ইজরায়েলে আমন্ত্রণ
ক্যাপ্টেন স্মিত মচ্ছরের এই অতুলনীয় সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভিডিয়ো কলে তিনি জানান, মচ্ছর কেবল নিজের জীবন বাঁচাননি, বরং বহু মানুষের প্রাণ রক্ষা করেছেন। শুধু তাই নয়, মচ্ছরের এই সাহসের স্বীকৃতিস্বরূপ তাঁকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের পরবর্তী স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু। হামলায় পাওয়া জখম থেকে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই বীর ভারতীয় পাইলট।
