কড়া নিরাপত্তার মাঝেই চরম বিপত্তি! পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ১, আহত ২০০-র বেশি – এবেলা

এবেলা ডেস্কঃ
পুরীর রথযাত্রায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। গ্র্যান্ড রোডে (বড় দণ্ড) জগন্নাথ দেবের দর্শনে লাখো ভক্তের ভিড়ে তৈরি হলো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। হুড়োহুড়ির জেরে ইতিমধ্যেই এক পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে, পাশাপাশি শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০০ জন ভক্ত।
কীভাবে ঘটল এই বিপত্তি? প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ে ঠাসা বড় দণ্ডে তিল ধারণের জায়গা ছিল না। অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জেরে আচমকাই পুণ্যার্থীদের মধ্যে প্রবল হুড়োহুড়ি শুরু হয়। চোখের নিমেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরপরই ভক্তদের মধ্যে প্রবল আতঙ্ক ও হাহাকার ছড়িয়ে পড়ে।
উদ্ধারকাজ ও বর্তমান পরিস্থিতি:
- খবর পাওয়া মাত্রই স্পেশাল রেসকিউ ইউনিট (SRU)-এর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
- অসুস্থ ভক্তদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে পুরী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
- চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসায় নিযুক্ত রয়েছেন। (যদিও প্রশাসনের তরফে এখনও মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি)।
এত নিরাপত্তার পরেও কেন এই দুর্ঘটনা? চলতি বছর রথযাত্রায় প্রায় ৩০ লক্ষ মানুষের সমাগমের পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী গোটা পুরী শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল ওড়িশা সরকার।
- মোতায়েন ছিল ১৩,০০০-এর বেশি পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর (NSG, CRPF, BSF) ১৫টি কো ম্পা নি।
- জলপথে নজরদারির জন্য ছিল নৌবাহিনী ও কোস্ট গার্ড।
- গোটা রথযাত্রা পর্যবেক্ষণের জন্য ৫০০টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছিল।
এত বিপুল প্রস্তুতির পরেও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, ২০২৫ সালেও গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু এবং ৫০ জনের বেশি আহত হয়েছিলেন। প্রশাসনের কড়া সতর্কতা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
