কণ্ঠরোধের অভিযোগ! ছ’টি হল ঘুরেও থামলেন না ককরোচরা, রাস্তায় নেমে প্রতিবাদ,অভিযুক্ত বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় আয়োজিত কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরার পর এবার প্রেক্ষাগৃহ না পাওয়ার মারাত্মক অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠক আয়োজনের উদ্দেশ্যে ভারত সভা হল বুক করা হলেও, শেষ মুহূর্তে তা হঠাৎ বাতিল করে দেওয়া হয় বলে দাবি তাঁর। শুধু তাই নয়, শহরের পরপর ছয়টি প্রেক্ষাগৃহ তাঁদের জায়গা দিতে অস্বীকার করেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাবের পাশের রাস্তায় খোলা আকাশের নীচেই সাংবাদিকদের মুখোমুখি হন আশুতোষ। তিনি অভিযোগ করেন, বিজেপির স্থানীয় নেতৃত্ব হলে গিয়ে সরাসরি হুমকি দেওয়ার কারণেই তাঁদের হল দেওয়া হয়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, পুলিশি অনুমতি না মেলায় নাট্যকর্মীদের ঘোষিত রাণুছায়া মঞ্চের সাংস্কৃতিক বিক্ষোভ কর্মসূচিও ভেস্তে যায়।
এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে গুন্ডামির তোপ দাগেন আশুতোষ রাঙ্কা। তিনি স্পষ্টভাবে জানান, তাঁরা সবসময় শান্তিপূর্ণ আলোচনার পক্ষে থাকলেও বিজেপি দমনপীড়নের পথ বেছে নিয়েছে। বাঁকুড়ার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে পিতৃহারা আব্দুল হাফিজকে সবরকম আর্থিক ও আইনি সহযোগিতার প্রতিশ্রুতি দেন ককরোচ পার্টির নেতৃত্ব। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, স্থানীয় বিজেপি বিধায়কদের হুমকি বা কোনো ভয় দেখিয়ে এই নতুন প্রজন্মকে দমানো যাবে না। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের উত্থাপিত দাবিগুলো না মানা হলে বাঁকুড়া ডিএম অফিস ঘেরাও কর্মসূচির ঢাক বাজানো হবে। রাজনৈতিক মঞ্চে সিপিএম নেতাদের পাশে পাওয়া ককরোচ পার্টি আগামী দিনে রাজ্যজুড়ে সংগঠনকে আরও মজবুত করতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আন্দোলনে অনড় থাকার বার্তা দিয়েছে।
