কম্বোডিয়ায় সাইবার ফাঁদের ছক পণ্ড! শিয়ালদহ স্টেশনে হাতেনাতে ধরা পড়ল মূল পাচারকারীসহ ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজস্থান থেকে মায়ানমার হয়ে কম্বোডিয়ায় মানব পাচারের একটি বড়সর ষড়যন্ত্র নস্যাৎ করল রেল পুলিশ। শিয়ালদহ স্টেশন থেকে এক মূল পাচারকারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত রবিকুমার রাজস্থানের দুই যুবক—ঋতুরাজ তিওয়ারি ও অনিল কুমারকে মোটা মাইনের ভুয়ো কল সেন্টারে চাকরির টোপ দিয়ে কম্বোডিয়ায় পাচারের চক্রান্ত করেছিল। পরিকল্পনা ছিল কলকাতা থেকে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারত হয়ে প্রথমে তাদের মায়ানমারে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে কম্বোডিয়ায় পাঠানো হবে। তবে তদন্তে জানা গেছে, ধৃত দুই যুবক ইচ্ছাকৃতভাবেই এই বেআইনি সাইবার জালিয়াতির কাজে যোগ দিতে যাচ্ছিল। এমনকি ঋতুরাজ আগে থেকেই কম্বোডিয়ার একটি অবৈধ কল সেন্টারে কাজ করায় পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট অবগত ছিল।
তারা রওনা দেওয়ার পর অভিযুক্ত রবিকুমার তাদের পাসপোর্ট কেড়ে নিলে এক যুবকের পরিবার রাজস্থান পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর রবিবার রাজস্থান পুলিশ শিয়ালদহ জিআরপি-কে জানায় যে, আজমেঢ় থেকে ট্রেনে করে তারা সোমবারে শিয়ালদহে পৌঁছাবে। খবর পেয়েই শিয়ালদহ স্টেশনে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতদের রাজস্থানে নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
