কর্পোরেটদের ১০ লক্ষ কোটি টাকার ঋণ মকুব মোদি জমানায়! সংসদে কী জানাল কেন্দ্র? – এবেলা

এবেলা ডেস্কঃ
মোদি জমানায় গত ১২ বছরে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণ ‘অনাদায়ী’ বা ‘রাইট-অফ’ হিসেবে মুছে ফেলেছে। এর মধ্যে বড় শিল্প ও কর্পোরেট সংস্থাকে দেওয়া ঋণের পরিমাণই সবচেয়ে বেশি। সম্প্রতি সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানান, বিগত এক দশকে এই প্রক্রিয়ায় ব্যাঙ্কগুলির খাতা থেকে বিশাল অঙ্কের টাকা বাদ দেওয়া হয়েছে। ২০১৮-‘১৯ অর্থবছরে রাইট-অফ বা ঋণ মুছে ফেলার পরিমাণ সর্বোচ্চ ১,৪৮,৭৫৩ কোটি টাকায় পৌঁছালেও, ২০২৫-‘২৬ অর্থবছরে তা কমে ২০,৪৮৫ কোটি টাকায় নেমে এসেছে।
তবে কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রক্রিয়াটিকে কোনোভাবেই ঋণ মাফ বা মকুব বলা চলে না। এটি মূলত ব্যাঙ্কের খাতা পরিষ্কার রাখার একটি অভ্যন্তরীণ হিসাবের পদ্ধতি মাত্র। যদিও দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার এই চিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছে বিরোধী শিবির। তাদের অভিযোগ, সাধারণ মানুষের কথা না ভেবে পুঁজিপতিদের সুবিধা পাইয়ে দিতেই এই নীতি নেওয়া হয়েছে। অন্যদিকে, বিজয় মালিয়া বা নীরব মোদির মতো ঋণখেলাপিদের প্রসঙ্গ এবং রাজনৈতিক বিতর্ক আজও অব্যাহত রয়েছে।
