কলকাতায় বেআইনি কল সেন্টারে হানা, আটক ১

কলকাতার ট্যাংরা থানা এলাকায় একটি বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। ব্রিটেনের নাগরিকদের নিশানা করে প্রতারণা চালানোর অভিযোগে গিরিশ সামতারি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গিরিশ সামতারি দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জা এলাকার একটি কল সেন্টারের আর্থিক লেনদেনের দায়িত্বে ছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের অর্গানাইজড সাইবার ক্রাইম সেকশন রসপুঞ্জাতেও হানা দেয়। সেখানে একটি বেআইনি কল সেন্টার থেকে মোট ৯ জনকে পাওয়া গিয়েছে।
ট্যাংরা ও রসপুঞ্জায় চালানো এই অভিযানে ১৩টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি ল্যাপটপ, ১৪টি মোবাইল ফোন, একটি রাউটার এবং ১৫টি মাল্টিমিডিয়া হেডফোন-সহ বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাংরা থেকে নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকাও উদ্ধার হয়েছে। ধৃত ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার চেষ্টা করছে লালবাজার।
পুলিশ সূত্রে খবর, গত এক সপ্তাহে ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের নিশানা করে চলা প্রতারণা চক্রের বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছে। এই অভিযানগুলিতে এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৬টি ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে রাউটার, সিম কার্ড এবং প্রবীণ বিদেশি নাগরিকদের ব্যক্তিগত ডিজিটাল তথ্য। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিদেশি নাগরিকদের নিশানা করে চলা এই সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
