কলকাতায় মিছিলের অনুমতি চাইল ‘ককরোচ জনতা পার্টি’, পালটা কড়া হুশিয়ারি বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: নিটের প্রশ্নফাঁস ও শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লি সহ দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সোনম ওয়াংচুকের অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার কলকাতায় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা।
সংগঠনের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের একটি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি চেয়ে পুলিশকে একাধিক মেল করা হয়েছে। তবে পুলিশের তরফে এখনও কোনো উত্তর না মেলায় ২৪ জুলাই এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
তৃণমূলের অবস্থান:
সিজেপি-র এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছে শাসক দলের একটি অংশ। মমতাপন্থী তৃণমূল নেতা তথা বিধায়ক কুণাল ঘোষ পরিষ্কার জানিয়েছেন, কলকাতা পুলিশের উচিত এই মিছিলের অনুমতি দেওয়া। তাঁর মতে, এর সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থ জড়িত রয়েছে এবং প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে।
বিজেপির কড়া বার্তা:
অন্যদিকে, এই আন্দোলনের তীব্র বিরোধিতা করে কড়া হুশিয়ারি দিয়েছে বিজেপি। রাজ্যের মন্ত্রী তাপস রায় এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার কোনোভাবেই অশান্তি বরদাস্ত করবে না। তিনি বলেন, “প্রশ্নফাঁস কাণ্ডের পর কেন্দ্র যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা নজিরবিহীন। তবুও রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং অশান্তি পাকানোর উদ্দেশ্যে বিদেশ থেকে ফান্ডিং করে চক্রান্ত করা হচ্ছে। পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।” রাজ্যের সাধারণ মানুষকে এই ধরনের চক্রান্ত ব্যর্থ করার আহ্বান জানিয়েছেন তিনি।
