কলকাতায় মেঘ-রোদের খেলা, আবহাওয়া দফতরের নতুন আপডেটে কী জানাল হাওয়া অফিস – এবেলা

কলকাতায় মেঘ-রোদের খেলা, আবহাওয়া দফতরের নতুন আপডেটে কী জানাল হাওয়া অফিস – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার থেকে টানা বৃষ্টির পর অবশেষ মিলল স্বস্তি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অবস্থান করছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। বৃহস্পতিবার সকাল থেকেই তিলোত্তমা এবং সংলগ্ন জেলাগুলিতে রোদের দেখা মিলেছে। তবে নিম্নচাপের প্রভাবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিছুটা ভিন্ন। উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টিপাত কিছুটা বেশি ও সক্রিয় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সার্বিকভাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা টানা বর্ষণের হাত থেকে কিছুটা স্বস্তি পেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছে না, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে সতর্কতা বহাল থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *