কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যু: প্রাণ হারালেন একই পরিবারের ৩ জনসহ ৫ বাংলাদেশী – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি হোটেলে বুধবার ভোরে লাগা ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ৯ জন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা ও ১টি শিশু রয়েছে। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশী নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ‘আজকের আলো’ সংবাদপত্রের সাংবাদিক দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিম্মিন এবং তাঁদের ৩ বছরের সন্তান শর্ণশিষ দত্ত। তাঁরা চিকিৎসার উদ্দেশ্যে বেঙ্গালুরু ঘুরে মঙ্গলবারই কলকাতায় এসেছিলেন। অন্য নিহত দুই বাংলাদেশী হলেন কুষ্টিয়ার মহম্মদ আকরাম আলি ও সাভারের আহমেদ বাবু। এই মর্মান্তিক ট্র্যাজেডিতে দুই বাংলাতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
ঘটনার পরপরই কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পুর কমিশনার স্মিতা পান্ডে জানান, গাফিলতির কারণে হোটেলটি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সব হোটেলের ফায়ার সেফটি অডিটের জন্য ১৬টি বরোতে পৃথক পরিদর্শন দল গঠন করেছে কলকাতা পুরসভা। পুলিশ, দমকল ও সিএসসির প্রতিনিধিদের নিয়ে গঠিত এই টিমকে আগামী ২৫ আগস্টের মধ্যে প্রাথমিক ও এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
