কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় বড় পরিবর্তনের সম্ভাবনা, শেয়ার বিক্রির পথে জয় মেহতা

আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক জয় মেহতা তাঁর হাতে থাকা ৪৫ শতাংশ শেয়ারের অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগ সংস্থা অ্যারিস ম্যানেজমেন্টের কাছে বিক্রির পরিকল্পনা করছেন। এই চুক্তির মূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে জানা গিয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে কেকেআরের মোট মূল্যায়ন প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা।
বর্তমানে কেকেআরের ৪৫ শতাংশ মালিকানা জয় মেহতার এবং বাকি ৫৫ শতাংশ মালিকানা শাহরুখ খানের হাতে রয়েছে। প্রস্তাবিত এই লেনদেন কার্যকর হলে জয় মেহতার শেয়ারের পরিমাণ কমে ২২.৫ শতাংশে নেমে আসবে। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর অনুমোদনের প্রয়োজন রয়েছে। নিয়ম অনুযায়ী, এই লেনদেনের মোট মূল্যের ৫ শতাংশ অর্থাৎ প্রায় ২০ মিলিয়ন ডলার বিসিসিআই পেতে পারে।
উল্লেখ্য, অ্যারিস ম্যানেজমেন্ট এর আগেও ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করেছে। তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এফসি এবং এনএফএল-এর দল মায়ামি ডলফিনসের সঙ্গে যুক্ত রয়েছে। এদিকে, মালিকানা সংক্রান্ত আলোচনার পাশাপাশি কেকেআর তাদের আগামী মরসুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই ১৭ জন খেলোয়াড়কে রিটেন করেছে এবং বেশ কয়েকজন পরিচিত মুখকে দল থেকে ছেড়ে দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারী সংস্থার আর্থিক ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
