কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিমের ইস্তফা, নভেম্বর-ডিসেম্বরেই মেগা পুরভোটের দামামা বাংলায় – এবেলা

এবেলা ডেস্কঃ
অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার বিকেলে সরকারিভাবে কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ফিরহাদ (ববি) হাকিম। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদ থেকে কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের পর, আজ ববি হাকিমের এই সিদ্ধান্ত রাজ্যের পুর-রাজনীতিতে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। গত পরশুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, যাতে সম্মতিও মিলেছে। এর ফলে কলকাতা পুরসভা বা ‘ছোট লালবাড়িতে’ এখন অন্তর্বর্তীকালীন প্রশাসক বসা নিশ্চিত।
কেন পদ ছাড়লেন ববি হাকিম
কলকাতা পুরসভায় তৃণমূলের খাতায়-কলমে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মেয়রের প্রকৃত ক্ষমতা কার্যত বিলুপ্ত হয়েছিল। একের পর এক কাউন্সিলর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া এবং হেভিওয়েট নেতাদের মেয়র পারিষদ ও কমিটি থেকে ইস্তফা দেওয়ার ঘটনা পুরসভার অভ্যন্তরে চরম অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ববি হাকিম খোদ দাবি করেন, পুর কমিশনার বা বিল্ডিং বিভাগও তাঁর কথা শুনছেন না। এমনকি তাঁকে অন্ধকারে রেখে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিশ পাঠানোর ঘটনা তাঁর অসহায়তাকে প্রকাশ্যে এনে দেয়। এই পরিস্থিতিতে ক্ষমতা হারিয়ে চেয়ার আঁকড়ে না থেকে নিজের সম্মান বাঁচাতেই তিনি ইস্তফার পথ বেছে নিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
পুরসভার ভবিষ্যৎ ও নভেম্বরে মেগা ভোটের ব্লু-প্রিন্ট
ফিরহাদ হাকিমের ইস্তফা দেওয়া মাত্রই কলকাতা পুরসভায় ‘প্রশাসক’ বসানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে নবান্ন। বর্তমান পুর কমিশনার স্মিতা পাণ্ডেকেই কলকাতা পুরসভার অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ করা হতে পারে। এই প্রশাসক বসার পর থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষিত পুরভোটের প্রস্তুতি।
নবান্ন সূত্রের খবর, আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বর মাসের প্রথমার্ধে কলকাতা পুরসভার ভোট করানোর চূড়ান্ত ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ছট পুজো শেষ হয়ে গেলেই পুরভোটের দামামা বাজিয়ে দেওয়া হবে। শুধু কলকাতা নয়, এই একই দফায় হাওড়া, বিধাননগরসহ রাজ্যের সব কটি বড় পুরসভাতেই একযোগে ভোটগ্রহণ সম্পন্ন করতে চাইছে সরকার। রাজ্যে প্রশাসনিক ক্ষমতা পরিবর্তনের পর এবার পুরসভাগুলির ক্ষমতা দখলের লড়াইও আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে।
