কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই ও এবিভিপি সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুক স্টল দেওয়াকে কেন্দ্র করে এসএফআই এবং এবিভিপি-র মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাম ছাত্র সংগঠনের কর্মীদের পুলিশ আটক করলেও, বুধবার ফের বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই বুক স্টল তৈরি করে। এই খবর ছড়িয়ে পড়লে পাল্টা বুক স্টল বসানোর দাবিতে সেখানে হাজির হয় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। দুই সংগঠনের কর্মীরা মুখোমুখি চলে আসায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পুলিশ এসএফআইয়ের স্টলটি গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে। এই সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা দুই পক্ষের মাঝে মানবপ্রাচীর তৈরি করেন। দীর্ঘ সময় ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের কর্মীরা।
বাম ছাত্র সংগঠনের অভিযোগ, এবিভিপি কর্মীরা তাদের স্টলের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে এবং বই মাটিতে ফেলে দিয়েছে। অন্যদিকে, এবিভিপি নেতা স্বাধীন হালদার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা নিয়ম মেনেই স্টল বসাতে এসেছিলেন। তাদের অভিযোগ, এসএফআই কর্মীরাই তাদের বাধা দিয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
