কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসএফআই-পুলিশ ধস্তাধস্তি, ২১ নভেম্বর বৃহত্তর মিছিলের ডাক

কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তিকে ঘিরে এসএফআই কর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসএফআইয়ের অভিযোগ, বুধবার কলেজ স্ট্রিটে প্রবীণ বাম নেতা বিমান বসুকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় আক্রমণ ও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া এবিভিপির এক সদস্যকে বৃহস্পতিবার ক্যাম্পাসে দেখা যায়। ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে কেন ঘুরছেন, তা নিয়ে প্রশ্ন তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় এসএফআই কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় এবং পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে আসে বলে অভিযোগ।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দাবি করেছেন, পুলিশি অভিযানে মহিলা কর্মীরাও নিগৃহীত হয়েছেন এবং কয়েকজনকে রাস্তায় ফেলে ধাক্কা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বুধবার কলেজ স্ট্রিটে বইয়ের স্টলে বোমা নিক্ষেপ ও জাতীয় পতাকার ওপর ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে বই বিক্রির কর্মসূচিতে থাকা ৪১ জন ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই ভূমিকার প্রতিবাদে এবং অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই ঘটনার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর, শনিবার দুপুর ১টায় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বৃহত্তর মিছিলের ডাক দিয়েছে এসএফআই। দেবাঞ্জন দে বলেন, ‘বই বনাম বোমার যুদ্ধে বইয়ের পক্ষ নিন’। কলেজ স্ট্রিটকে ভয়মুক্ত করা, বইয়ের স্বাধীনতা রক্ষা এবং পুলিশের দমন-পীড়নের বিরুদ্ধেই এই মিছিল আয়োজিত হচ্ছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি বইপ্রেমী ও গণতন্ত্রপ্রেমী সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
