কলায় বিষাক্ত কেমিক্যাল! আকর্ষণীয় হলুদ ফলের আড়ালে লুকিয়ে মারাত্মক বিপদ – এবেলা

এবেলা ডেস্কঃ
মাছ-মাংস ও রেস্তোরাঁর খাবারের ভেজাল নিয়ে আমজনতার আতঙ্ক আগেই ছিল, এবার সেই বিষাক্ত থাবা বসাল স্বাস্থ্যকর ফলের ওপর। কাঁচা কলা দ্রুত পাকাতে এবং দেখতে আকর্ষণীয় করে তুলতে দেদার ব্যবহার করা হচ্ছে প্রাণঘাতী রাসায়নিক।
সম্প্রতি হুগলির তারকেশ্বরের বৈদ্যপুর চৌমাথা এলাকায় একাধিক কলা ব্যবসায়ীর বাড়িতে আচমকা অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের—উদ্ধার হয় ক্ষতিকর কেমিক্যালের একাধিক বোতল।
সরকারি নিয়ম অনুযায়ী, কেবল মাত্র নির্দিষ্ট নির্দেশিকা মেনে ‘ইথানিল গ্যাস’ ব্যবহার করেই ফল পাকানোর ছাড়পত্র রয়েছে। কিন্তু অতি মুনাফার লোভে একশ্রেণীর ব্যবসায়ী সব নিয়ম বুড়ো আঙুল দেখিয়ে মারাত্মক খেলা খেলছেন। বড় ডেকচিতে জলের সঙ্গে বিষাক্ত কীটনাশক ও কেমিক্যাল মিশিয়ে তাতে চুবিয়ে রাখা হতো কাঁচা কলা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কাঁচা কলা কৃত্রিমভাবে পেকে চকচকে হলুদ রঙ ধারণ করত এবং সোজা চলে যেত বাজারে।
খাদ্য সুরক্ষা আধিকারিক শুভজিৎ গাঙ্গুলী জানান, চরম অস্বাস্থ্যকর ও নিয়মবহির্ভূতভাবে বিষাক্ত কীটনাশক মিশিয়ে কলা পাকানো হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক।
অবৈধ এই কারবার বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবিলম্বে সরকারি নিয়ম মেনে কলা পাকানোর প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। তবে এই অভিযানের পর থেকে বাজারে বিক্রি হওয়া ফলের গুণমান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
