কাকলির ক্লিনিকে শশীর ‘গোপন বৈঠক’! দলবদলের জল্পনার মাঝে মুখ খুললেন কুণাল – এবেলা

কাকলির ক্লিনিকে শশীর ‘গোপন বৈঠক’! দলবদলের জল্পনার মাঝে মুখ খুললেন কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কালীঘাটে তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে হাজির হলেন রাজ্যের সাবেক মন্ত্রী ডা. শশী পাঁজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুই প্রাক্তন সহকর্মীর এই রুদ্ধদ্বার বৈঠক ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা—তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে চলেছেন শশী পাঁজাও?

সম্প্রতি কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তাঁদের আইভিএফ (IVF) সেন্টারে প্রাক্তন দুই ক্যাবিনেট মন্ত্রী ও তিন জন সাংসদের সঙ্গে গোপনে কথা হয়েছে। নাম প্রকাশ না করলেও এই মন্তব্যের পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে। এরপরই শশী পাঁজার উপস্থিতি সেই আগুনে ঘি ঢেলেছে।

তবে এই গুঞ্জন উ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান:

“ডাঃ শশী পাঁজাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারে কান দেবেন না। উনি পেশায় চিকিৎসক, নিজের কাজের খাতিরেই গেছেন। তাছাড়া উনি এমন এক পরিবারের সদস্য, যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মূল সহযোগী ছিলেন।”

উল্লেখ্য, একসময়ের তৃণমূলের মহিলা ব্রিগেডের অন্যতম প্রধান মুখ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী এবং শশী পাঁজা। ইতিমধ্যেই প্রথম তিনজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বা দল ছেড়েছেন। এখন শ্যামপুকুরের প্রাক্তন বিধায়ক শশী পাঁজাকে ঘিরে এই নতুন রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *