কাজিরাঙায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত সাত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আসামের কাজিরাঙার রঙ্গাজান এলাকায় একটি মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বোকাখাত থেকে নগাঁওগামী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের কোহোরা মডেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসটির বিরুদ্ধে অতীতে ট্রাফিক আইন লঙ্ঘনের একাধিক অভিযোগ ছিল। গাড়িটির নামে মোট ১২টি ট্রাফিক চালান কাটা হয়েছিল, যার বকেয়া অর্থের পরিমাণ ৩৮,৫০০ টাকা। এছাড়া বাণিজ্যিক যানবাহনের গতিসীমা লঙ্ঘনের জন্য আরও ৪,০০০ টাকার চালান বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে গোটা আসাম তাদের পাশে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
