কানপুরে বন্দে ভারতে উঠে আটকা ১২ যাত্রী, গুনতে হলো ৩৬ হাজার টাকা জরিমানা

কানপুরে বন্দে ভারতে উঠে আটকা ১২ যাত্রী, গুনতে হলো ৩৬ হাজার টাকা জরিমানা

উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে আত্মীয়দের বিদায় জানাতে গিয়ে বিপাকে পড়লেন ১২ জন যাত্রী। বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে পরিবারের সদস্যদের আসন গুছিয়ে দেওয়ার জন্য তাঁরা ট্রেনে উঠেছিলেন। কিন্তু ট্রেন ছাড়ার আগেই স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ভেতরেই আটকা পড়ে যান। নিরাপত্তার কারণে চলন্ত অবস্থায় দরজা খোলা সম্ভব না হওয়ায় ট্রেনটি কানপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যায়।

ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীরা দরজা খোলার জন্য বারবার অনুরোধ জানালেও কোনো লাভ হয়নি। এই পরিস্থিতির জেরে ট্রেনের ভেতরেই বিক্ষোভ দেখান ওই যাত্রীরা। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ টুন্ডলা কন্ট্রোল রুমের নির্দেশে ট্রেনটিকে ইটাওয়া জংশনে থামানোর সিদ্ধান্ত নেয়। রবিবার সকাল ১০টা ৪৯ মিনিট নাগাদ ট্রেনটি ইটাওয়া স্টেশনে পৌঁছালে আরপিএফ ও জিআরপির যৌথ দল ওই ১২ জনকে ট্রেন থেকে নামিয়ে আনে।

ইটাওয়া স্টেশনে নামানোর পর ওই ১২ জনকে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ এবং রেলের নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৩,০০০ টাকা করে মোট ৩৬,০০০ টাকা জরিমানা আদায় করেছে। নিয়মভঙ্গের বিষয়ে সতর্ক করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *