কানাডার মোস্ট-ওয়ান্টেড তালিকায় শীর্ষে গোল্ডি ব্রার, ঘোষণা আড়াই লক্ষ ডলার পুরস্কার

কানাডার মোস্ট-ওয়ান্টেড তালিকায় শীর্ষে গোল্ডি ব্রার, ঘোষণা আড়াই লক্ষ ডলার পুরস্কার

কানাডার জন-নিরাপত্তা উদ্যোগ ‘বলো’ (BOLO) প্রোগ্রাম সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে তাদের মোস্ট-ওয়ান্টেড পলাতক তালিকার শীর্ষে স্থান দিয়েছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য আড়াই লক্ষ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। উইনিপেগ পুলিশ সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর হ্যাজেলটন ড্রাইভের একটি বাসভবনে সুখদুল সিং গিলকে গুলি করে হত্যার ঘটনায় ব্রার অভিযুক্ত। এই মামলায় তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

উইনিপেগ পুলিশ, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ম্যানিটোবা জাস্টিস যৌথভাবে এই মামলার তদন্ত চালাচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি ব্রার এবং করণবীর সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও, দীর্ঘ প্রচেষ্টার পরেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কানাডিয়ান কর্তৃপক্ষ জনসাধারণের কাছে আবেদন জানিয়েছে, ব্রারের অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা যেন অবিলম্বে পুলিশকে জানানো হয়।

কানাডার এই পদক্ষেপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ব্রারকে তাদের শীর্ষ দশ পলাতকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং তার গ্রেপ্তারের তথ্যের জন্য ১০ লক্ষ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন তদন্তকারী সংস্থার অভিযোগ, ব্রার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সহিংস কার্যকলাপ, মাদক পাচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। ভারত সরকারও একাধিক ফৌজদারি মামলায় তাকে খুঁজছে। বর্তমানে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *