কাপড় বিক্রির আড়ালে পাক-জঙ্গির নেটওয়ার্ক! মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর রাখা হামিম গ্রেপ্তার – এবেলা

কাপড় বিক্রির আড়ালে পাক-জঙ্গির নেটওয়ার্ক! মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর রাখা হামিম গ্রেপ্তার – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়া ও বর্ধমান: একজন সাধারণ কাপড়ের দোকানের কর্মী, যে নিজেকে কখনো আইটি ছাত্র আবার কখনো ব্যবসায়ী বলে পরিচয় দিত। কিন্তু এই সাধারণ পরিচয়ের আড়ালেই লুকিয়ে ছিল এক চরম ভয়ঙ্কর সত্য। পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে রাজ্য পুলিশের এসটিএফ (STF)-এর হাতে গ্রেপ্তার হলো ২৪ বছর বয়সী যুবক হামিম মণ্ডল। ধৃতের থেকে উদ্ধার হওয়া তথ্য কপালে ভাঁজ ফেলেছে তদন্তকারীদের।

কে এই হামিম মণ্ডল? মূলত বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামের বাসিন্দা হামিম সম্প্রতি পরিবারের সঙ্গে বর্ধমানের রেনেসাঁ এলাকায় ভাড়া থাকত। তার বাবা মমনিরুল মণ্ডল পেশায় আলু-পেঁয়াজের ব্যবসায়ী। হামিম নিজে হাওড়ার পিলখানা এলাকার একটি রেডিমেড পোশাকের দোকানে কাজ করত। কিন্তু পোশাক ব্যবসার আড়ালে সে জড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কে।

পাক-জঙ্গি ও আইএসআই (ISI) কানেকশন: এসটিএফ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার তথা জঙ্গি শাহজাহাদ ভাট্টি (যে ‘৩৩৩’ নামে পরিচিত এবং নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে উপস্থাপন করত)-র সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল হামিমের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভাট্টির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে হামিমের। ভারতে নাশকতা চালানো, মাদকসন্ত্রাস এবং তরুণদের উগ্র মৌলবাদে দীক্ষিত করার কাজ করত ভাট্টি। গোয়েন্দাদের দাবি, পশ্চিমবঙ্গ তথা ভারতে নির্দিষ্ট কিছু কাজের ‘বরাত’ দেওয়া হয়েছিল হামিমকে। পাশাপাশি জৈশ-ই-মহম্মদ ও আইএসের সঙ্গেও তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর ওপর নজরদারি? সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে হামিমের ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে। হামিমের ব্যবহৃত আইফোন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিবিধির একাধিক ভিডিও উদ্ধার করা হয়েছে। তারকেশ্বর, অন্ডাল বিমানবন্দর, দুর্গাপুর এবং কলকাতার বিভিন্ন রাস্তায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও যাতায়াতের নিজস্ব ক্যামেরায় তোলা ভিডিও পাওয়া গিয়েছে। তবে কি মুখ্যমন্ত্রীর ওপর নজরদারি বা বড়সড় নাশকতার ছক ছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশি হেফাজত ও তদন্ত: গত ৩০ জুলাই সকালে হামিমকে গ্রেপ্তার করা হয়। বর্ধমান আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তার কাছ থেকে একটি আইফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং মেসেজিং অ্যাপ ঘেঁটে তার বাকি সহযোগীদের সন্ধান চালাচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *