কৃপাণ হাতে আচমকা হামলা! অল্পের জন্য রক্ষা অকালি প্রধান সুখবীর – এবেলা

এবেলা ডেস্কঃ
পাঞ্জাবের প্রাক্তন উপ- মুখ্যমন্ত্রী তথা আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের উপর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল মহারাষ্ট্রে। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ নান্দেদের বিখ্যাত তখত শ্রী হুজুর সাহেব গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর বাদল ও তাঁর স্ত্রী, আকালি সংসদ হরসিমরত কৌর বাদল। সেখানে প্রার্থনা সেরে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক নিহাঙ্গ শিখ যুবক তাঁর দিকে কৃপাণ নিয়ে তেড়ে আসে এবং এলোপাথাড়ি কোপ মারতে থাকে।
হঠাৎ এই হামলায় পেটে ও হাতে মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত হন সুখবীর। তৎক্ষণাৎ নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে ধরে ফেলেন এবং আহত সুখবীরকে দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত ওই যুবকের নাম জসপল সিং, যিনি গত দুই বছর ধরে উক্ত গুরুদ্বারে কর্মরত ছিলেন। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সুখবীরকে দেখে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েই এই হামলাটি চালায় সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে, পাশাপাশি এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
