কৃষকদের নাম ভাঁড়িয়ে কোটি কোটি টাকার ধান কেলেঙ্কারি! কিষাণ মান্ডিতে প্রশাসনের হানা – এবেলা

এবেলা ডেস্কঃ
নদীয়া: গরিব কৃষকদের কিষাণ কার্ড এবং নাম ব্যবহার করে নদীয়া জেলার একাধিক কিষাণ মান্ডিতে কোটি কোটি টাকার সরকারি ধান কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবশালী ফড়ে ও মধ্যস্বত্বভোগীদের দিকে।
জানা গেছে, মাত্র ১৭০০ থেকে ১৮০০ টাকা কুইন্টাল দরের অত্যন্ত নিম্নমানের ধান বাজার থেকে কিনে আনত একদল ফড়ে। এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও পঞ্চায়েত প্রতিনিধিদের একাংশের মদতে, কৃষকদের নাম ব্যবহার করে সেই ধানই ২৩৬৯ টাকা সরকারি মূল্যে কিষাণ মান্ডিতে বিক্রি করে দেওয়া হতো। এর ফলে একদিকে যেমন প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, অন্যদিকে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র।
এই বিশাল দুর্নীতির বিষয়টি সামনে আসতেই নদীয়া জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ইতিমধ্যেই এই ধান কেলেঙ্কারির বিরুদ্ধে জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এই দুর্নীতিতে যুক্ত পঞ্চায়েত প্রতিনিধি এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
