‘কৃষকের টাকায় আর দালালি নয়!’— ময়ূরেশ্বরের মঞ্চ থেকে আইনি ব্যবস্থার হুঙ্কার কৃষিমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
কৃষকদের কষ্টার্জিত অর্থ আর সুযোগ-সুবিধা গ্রাস করবে না কোনো মধ্যস্বত্বভোগী বা দালালচক্র। অতীত থেকে চলে আসা এই কুপ্রথা উপড়ে ফেলতে এবার চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। রাজ্য সরকারের লক্ষ্য হলো কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত সরকারি সহায়তার সুফল সরাসরি প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দেওয়া।
সম্প্রতি ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে রাজ্য কৃষি দফতরের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ কৃষি প্রদর্শনী ও সচেতনতা শিবিরে যোগ দিয়ে এই কড়া বার্তা দেন মন্ত্রী। ওই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, যেমন— ‘এগ্রিস্ট্যাক’ (AgriStack)-এর মাধ্যমে কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার নিয়ে কৃষকদের সচেতন করা হয়।
শিবিরের মঞ্চ থেকে কৃষিমন্ত্রী সাফ জানান, “কৃষি ও কৃষকের টাকায় কোনোভাবেই দালালরাজ বরদাস্ত করা হবে না।” তিনি কড়া সুরে বলেন, কোথাও যদি কোনো দালালচক্রের হদিস মেলে কিংবা কৃষকদের প্রাপ্য সুবিধা ও টাকা মেরে খাওয়ার চেষ্টা হয়, তবে কৃষকরা যেন ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
তিনি আরও আশ্বাস দেন যে, কৃষকদের ঠকানো এই দালালদের চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এই লড়াইয়ে সাফল্য পেতে কৃষকদের নিজেদেরও সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানান তিনি।
কৃষি দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দালালরাজ নিমূল করতে একাধিকবার মুখ খুলেছেন দুধকুমার মণ্ডল। প্রযুক্তি ও সচেতনতার মেলবন্ধনে কৃষিক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করাই যে রাজ্য সরকারের মূল লক্ষ্য, তা ময়ূরেশ্বরের এই সভা থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
